ইউটিউবে ফ্যাক্ট চেকিং ফিচার চালু
করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানো রোধ করাকে সামনে রেখে ইউটিউব যেকোনো বিষয়ে সত্যতা জানান বিশেষ ফ্যাক্ট চেকিং ফিচার চালু করেছে। আপাতভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সেবাটি ব্যবহার করতে পারবে।
গতবছর ভারত এবং ব্রাজিলেও ফিচারটি চালু করা হয়, যেখানে ব্যবহারকারীরা প্রকৃত ঘটনা জানার জন্য ইউটিউব সার্চে বিশেষ বক্স দেখতে পান। খবর সিনেট।
ইউটিউব জানিয়েছে, অনুমোদিত প্রকাশকদের ফ্যাক্ট চেকিং আর্টিকেল এখানে জমা হচ্ছে। ফলে যখন কেউ কোনো বিষয়ে সার্চ করবে তখন ঐ আর্টিকেলটি দেখাবে। এছাড়া সাইটটিতে ব্যবহারকারীরা কীভাবে সার্চ করছে তার উপরও বিষয়টি নির্ভর করে।
বিশেষ কোনো দাবির উপর ভিত্তি করে সার্চ করলে ফ্যাক্ট চেক কাজ করবে। যেমন কেউ যদি লিখে ‘অস এঞ্জেলসে টর্নেডো আঘাত করেছিলো?’, তখন এটি এ সম্পর্কিত ফ্যাক্ট চেকিং আর্টিকেল দেখাবে। তবে যদি আপনি সাধারণভাবে টর্নেডো লেখেন, তাহলে সেটি আসবে না।
কোডিভ-১৯ নিয়ে বিশ্বব্যাপী নানা গুজব প্রচার হচ্ছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা সবাইকে এ বিষয়ে সচেতন করার চেষ্টা করছে। ইউটিউবে ফাইভজি ওয়্যারলেস টাওয়ার নিয়ে বিভ্রান্তিমূলক ভিডিও প্রকাশের জেরে প্লাটফর্মটিকেও সমালোচনার মুখোমুখি হতে হয়। ইতিমধ্যেই ভিডিওগুলো মুছে ফেলা শুরু হয়েছে।
নতুন এই ফিচারটির জন্য দ্য ডিসপাচ, ফ্যাক্টচেক ডট অর্গ, পলিটিফ্যাক্ট, দ্য ওয়াশিংটন পোস্ট ফ্যাক্ট চেকারসহ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের এক ডজনের অধিক প্রকাশক এতে যুক্ত হয়েছে। তবে বিশ্বের অন্যান্য স্থানে ফিচারটি কবে চালু হবে না আদৌ হবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি